১৪৪৩ হিজরি সনের সাদকাতুল ফিতরের হার নির্ধারণে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে শনিবার (৯ এপ্রিল)। শুক্রবার (৮ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানিয়েছেন।
ওইদিন সকাল সাড়ে ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
গত বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা ছিল। তার আগের বছর ছিল সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা।
ইসলামী শরীয়াহ মতে, আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা দেওয়া যায়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়।

