ইফতারে প্রতিদিন একই রকম খাবার না খেয়ে মাঝেমধ্যে স্বাদ বদল করতে পারেন। এতে খাবারে ভিন্নতা আসবে। যা রুচি পরিবর্তনে ভূমিকা রাখবে। ইফতারে মূল খাবারের পাশে ভিন্ন স্বাদের এই খাবারগুলো স্বাদের সঙ্গে নিশ্চিত করবে স্বাস্থ্যও। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
ভেজিটেবল পাকোড়া
প্রয়োজনীয় উপকরণ
- বাঁধাকপি মিহি কুঁচি ১ কাপ
- গাজর কুঁচি হাফ কাপ
- ময়দা দেড় কাপ
- হলুদ গুঁড়া অল্প
- গোলমরিচ টালা গুঁড়া ২ চা চামচ
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে বাঁধাকপি কুঁচি আর গাজর কুঁচি একটি বাটিতে নিয়ে ওপরের সব উপকরণের সঙ্গে হাফ কাপ পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন খামিরটা যেন খুব বেশি পাতলা কিংবা ঘন না হয়। এবার ডুবোতেলে মাঝারি আঁচে বাদামী করে ভেজে টিস্যু দেওয়া প্লেটে রাখুন। সবশেষে টমেটো সস কিংবা তেঁতুলের চাটনির সাঙ্গে পরিবেশন করুন ইফতারে মজাদার খাবার ‘ভেজিটেবল পাকোড়া’।
চিকেন প্যান কেক
প্রয়োজনীয় উপকরণ
- সেদ্ধ আলু পিষে নেওয়া ১ কাপ
- ময়দা আধা কাপ
- ডিম ১টি
- মুরগীর মাংস হাতে ঝুরি করে নেওয়া আধা কাপ [সেদ্ধ বা রান্না করা মাংস অনায়েসেই হাতে ঝুরি করে নিতে পারেন]
- পেঁয়াজ মিহি কুঁচি ৩টি
- কাঁচামরিচ মিহি কুঁচি ৪/৫টি
- আদা-রসুন বাটা ১চা চামচ [ইচ্ছে না হলে দেবেন না]
- জিরা গুঁড়া আধা চা চামচ
- সয়াসস ১ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
- টেস্টিং সল্ট সামান্য
- ধনে পাতা কুঁচি প্রয়োজনমতো
- পানি প্রয়োজনমতো
- তেল ও বাটার ভাজার জন্য
প্রস্তুত প্রণালী
প্রথমে আলু ও ডিম একসঙ্গে ভালো করে মেখে নিন যেন আলুতে কোনো গোটা বা দলা না থাকে। এরপর তেল ও বাটার বাদে একে একে সব উপকরণ দিয়ে দিন। এবং ভালো করে মেখে ঘন ব্যটার তৈরি করে নিন। পানির পরিমাণ অল্প করে দেবেন যাতে আন্দাজ ঠিক থাকে। এরপর একটি ননস্টিক ফ্রাইপ্যানে বাটার দিন এবং এর সাথে অল্প তেল দিয়ে গরম করে নেবেন। তারপর নিজের পছন্দমতো আকারের প্যানকেকের ব্যটার ঢালুন প্যানে। মাঝারি আঁচে দুই পাশ লালচে করে ভেজে তুলুন। সবশেষে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ‘চিকেন প্যানকেক’।
দই বড়া
প্রয়োজনীয় উপকরণ
- মাষকলাই ডাল আধা কাপ
- জিরা গুঁড়া ১ টেবিল চামচ
- ধনে গুঁড়া ১ টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
- শুকনো মরিচ ৬-৮টি
- পাঁচফোড়ন ১ টেবিল চামচ
- বিট লবণ আধা চা চামচ
- তেল ১ কাপ
- পুদিনা পাতা কুঁচি ২ চা চামচ
- মিষ্টি দই ৩ কাপ
- তেঁতুলের ক্বাথ আধা কাপ
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে ডাল ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর জিরা, ধনে, গোলমরিচ, পাঁচফোড়ন ও শুকনো মরিচ আলাদা আলাদা টেলে একসঙ্গে গুঁড়া করুন। এবার ডাল শিলপাটায় বেটে নিন। সামান্য পানি দিয়ে ডাল খুব ভালো করে ফেটে বাটিতে পানি নিয়ে ছোট একদলা ডাল পানিতে ফেলুন। ভাসলে আর ফেটতে হবে না। এরপর একটি গামলায় ৬ কাপ পানি ও ২ চা চামচ লবণ মেশান। কড়াইয়ে তেল গরম করে অল্প ডাল নিয়ে চ্যাপ্টা আকারের বড়া ভাজুন। ভাজা হলে তেল থেকে তুলে লবণ-পানিতে ছাড়ুন। এভাবে সব ডালের বড়া ভাজুন। দই ফেটুন। ঘন হলে সামান্য পানি দিয়ে ফেটুন। স্বাদমতো লবণ, চিনি ও মসলা মেশান। দই বড়ায় মিষ্টি দই দিলে চিনির পরিবর্তে তেঁতুল দেবেন। বড়ার পানি নিংড়ে একটি বাটিতে দেওয়া যায়। বড়ার ওপর দই ঢালুন। ওপরে গুঁড়া মসলা ছিটিয়ে দিন। পুদিনা পাতা বা ধনে পাতার কুঁচি দিন। বড়া ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখবেন। রেফ্রিজারেটরে রাখতে পারেন। এরপর দই বড়ার সঙ্গে তেঁতুলের সস দিয়ে পরিবেশন করুন দারুণ মজার ‘দই বড়া ’।
