সবজি

ঢেঁড়শ

আপডেট : ০২ জুন ২০১৯, ১৯:৫১

 

ঢেঁড়শের অন্য নাম ভেন্ডি। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় Abelmoschus esculentus; অথবা Hibiscus esculentus L। ইংরেজিতে একে বলে ওকরা (okra)। আবার কেউ কেউ এটিকে লেডিজ ফিঙ্গারও বলে থাকে। সবজি হিসেবে খাওয়ার জন্য ঢেঁড়শ সবারই পছন্দের তালিকায় থাকে। গ্রীষ্মকালীন সবজি হিসেবে বাংলাদেশে এটি বেশ পরিচিত। ঢেঁড়শগাছ হলো বর্ষজীবী উদ্ভিদ। লম্বায় ২ মিটার পর্যন্ত হয়। আর পাতা ১০ থেকে ২০ সেন্টিমিটার দীর্ঘ ও চওড়া হয়। ভালো করে লক্ষ করলে দেখা যায় এদের পাতায় ৫ থেকে ৭টি অংশ থাকে। ফুল হয় ৪  থেকে ৮ সেন্টিমিটার চওড়া, ফুলের রং সাদার মধ্যে হালকা হলুদ। ফুলের পাপড়ির সংখ্যা ৫টি, প্রতিটি পাপড়ির কেন্দ্রে লাল বা গোলাপি বিন্দু থাকে। ঢেঁড়শ ক্যাপসুল আকারের, প্রায় ১৮ সেন্টিমিটার দীর্ঘ হয় এবং এদের ভেতরে প্রচুর বিচি থাকে। ঢেঁড়শে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, লোহা ও ভিটামিন এ, বি, সি। এছাড়াও রয়েছে ক্যারোটিন, ফলিক অ্যাসিড, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, অক্সালিক অ্যাসিড এবং অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এর রিবোফ্লাভিনের পরিমাণ বেগুন, মূলা, টমেটো ও শিমের চেয়েও বেশি।

তরকারি, ভর্তা বা ভাজি সব ক্ষেত্রেই এর চাহিদা রয়েছে। ঢেঁড়শ খাওয়া উপকারী। হাঁপানি রোগের উপকার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, প্রোস্টেট গ্রন্থির অসুখে, কোষ্ঠকাঠিন্যে, ত্বকের যত্নে, হাড় ও দাঁতের যত্নে, চুলের যত্নে, ক্যান্সার প্রতিরোধে, রক্তশূন্যতা ও গর্ভাবস্থায় কাজ করে।

ঢেঁড়শ চাষ করার সময়ে প্রথমে এক রাত ধরে ১-২ সেন্টিমিটার জলে ঢেঁড়শের বীজ ভিজিয়ে রাখতে হয়। ৬ দিন থেকে ৩ সপ্তাহের মধ্যে অঙ্কুরোদগম হবে। ঢেঁড়শের চারার প্রচুর জলের দরকার হয়। পরাগায়ণের এক সপ্তাহের মধ্যেই ঢেঁড়শের ফল পেড়ে নিতে হয়। নতুবা এটি আঁশযুক্ত হয়ে পড়ে। যেসব সবজি সবচেয়ে বেশি খরা ও তাপ সহ্য করতে পারে, তাদের মধ্যে ঢেঁড়শ অন্যতম। শুকনো শক্ত মাটিতেও এটা টিকে থাকে।