নোবেলজয়ী রুশ সাংবাদিক ওপর রং হামলা

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৫:৩১

রুশ সরকারের সমালোচক নোবেল বিজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতভের শরীরে তীব্র গন্ধযুক্ত তরল এসিটোন মিশ্রিত লাল রং ছুড়ে দেওয়া হয়েছে ট্রেনের ভেতরে। বৃহস্পতিবার মস্কো-সামারা ট্রেনে ভ্রমণের সময় এক ব্যক্তি মুরাতভকে লক্ষ্য করে ঐ হামলা চালায়। মুরাতভ বলেন, ‘আমার চোখ ভয়ংকরভাবে জ্বলছিল। হামলাকারী বলছিল, ‘মুরাতভ, আমাদের ছেলেদের জন্য (তোমাকে এই শাস্তি)’।

৫৯ বছর বয়সি মুরাতভ দেশটির অনুসন্ধানী সংবাদপত্র নোভায়া গেজেটার প্রধান সম্পাদক। সংবাদপত্রটি বর্তমান রুশ সরকারের ব্যাপক সমালোচক হিসেবে পরিচিত। চলমান ইউক্রেন যুদ্ধের সংবাদ প্রকাশ নিয়ে ক্রেমলিন বারবার সতর্ক করার পর সাময়িকভাবে কার্যক্রম গুটিয়ে নিয়েছে নোভায় গেজেটা। সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের পর সাংবাদিক মুরাতভ হলেন প্রথম রুশ নাগরিক, যিনি শান্িততে নোবেল পেয়েছেন। মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াইয়ের স্বীকৃতিতে গত বছর তিনি ঐ পুরস্কার পান। 

বৃহস্পতিবার মস্কো থেকে সামারায় যাওয়ার পথে ট্রেনে হামলার শিকার হলে ঐ ঘটনার ছবি নোভায়া গেজেটার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ পায়। সেখানে দেখা যায়, নীল টিশার্ট পরিহিত মুরাতভের মাথা থেকে পুরো শরীরে রক্তের মতো লাল রং ছড়িয়ে আছে। আরেকটি ছবিতে দেখা যায়, মুরাতভ ট্রেনের যে আসনে বসেছিলেন সেখানে তার টেবিল, জিনিসপত্র ও বসার জায়গা লাল রঙে মাখামাখি। ছুড়ে মারা তরল রং ট্রেনের জানালাতেও লেগে আছে।

ইত্তেফাক/এএইচপি