আমাদের ছড়া

আপডেট : ০২ জুন ২০১৯, ১৯:৫২

রেজাউদ্দিন স্টালিন

 

আমাদের ছড়াদের বাড়ি নেই,

সোনাদানা কাঁড়ি-কাঁড়ি টাকা নেই।

পাজেরো ও পাঁচতলা গাড়ি নেই,

স্বপ্নেরা কেটে পড়ে নিমেষেই।

 

আমাদের ছড়াদের ছাতা নেই,

পেনশন বয়স্ক ভাতা নেই।

কারখানা পণ্যের হাট নেই

মরে যায় কর-ভ্যাট উেসই।

 

আমাদের ছড়াদের শার্ট নেই,

ফ্যাশনের ডাট-স্মার্ট-নেই।

ব্যাংকের টাকা খাওয়া মেদ নেই,

জীবন ও মৃত্যুতে ভেদ নেই।

 

আমাদের ছড়াদের কার্ড নেই,

চাপ দিয়ে টাকা তোলা বার্ড নেই।

রাজনীতি ক্যাডারের পাল নেই,

লীলা আর লাস্যের মাল নেই।

 

আমাদের ছড়াদের ছল নেই,

মাঝরাতে মোবাইলে কল নেই।

বহুদামি বালিশের মল নেই,

অবৈধ অস্ত্রের নল নেই।

 

ছড়াদের আছে কিছু ছন্দ,

ভালোবাসা গোলাপের গন্ধ।

ছড়া বোঝে ভালো কিসে মন্দ,

জীবন আর মুত্যুর দ্বন্দ্ব।