কুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা: ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৯:০৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বকেয়া ফি না দিতে পারায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফি বাড়ানোর প্রতিবাদে নানা স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, বকেয়া ফি না দিতে পেরে অন্তু রায় আত্মহত্যা করেছেন। তাই অন্তু রায়ের আত্মহত্যার দায় রাষ্ট্রকে নিতে হবে। অবরোধ চলার সময়ে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা নিজ থেকেই অবরোধ তুলে নেন।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি আবু সাঈদ বলেন, ‘দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রিকশাচালক জরিমানা দিতে না পেরে আত্মহত্যা করছেন। আবার অতিরিক্ত ফি-র জাঁতাকলে আত্মহত্যা করছেন শিক্ষার্থীরা। প্রতিনিয়ত এই আত্মহত্যার মিছিল রাষ্ট্রের ভঙ্গুরতার বহিঃপ্রকাশ।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম বলেন, ‘শিক্ষা খাতে মূল্যবৃদ্ধি প্রমাণ করছে, শিক্ষাব্যবস্থা শুধু উচ্চশ্রেণির মানুষদের জন্য। এটি স্বাভাবিক শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ফি বৃদ্ধি শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে। কুয়েটে অন্তু রায় আত্মহত্যা করেছেন, আবার দেখা যাবে অন্য বিশ্ববিদ্যালয়েও আরেকজন আত্মহত্যা করেছেন। আশা করি, এই সমস্যা সমাধানে রাষ্ট্র দ্রুত ব্যবস্থা নেবে।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ফি এমন হারে বাড়ানো হচ্ছে, যেখানে মেধাবী শিক্ষার্থীরা চান্স পেলেও পড়তে পারবেন না। প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়গুলোতে নামে-বেনামে ফি বাড়ানো হচ্ছে। কুয়েটে ডাইনিংয়ে না খেলেও ডাইনিং ফি পরিশোধ করতে হচ্ছে। আর এ রকম ফি দিতে না পেরে শিক্ষার্থীরা হতাশ হয়ে আত্মহত্যা করছেন।’ তিনি আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত বেশি টাকা খরচ করতে হচ্ছে, কিছুদিন পর দেখা যাবে পাবলিক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য থাকবে না। শিক্ষাক্ষেত্রের ফি বৃদ্ধির পাঁয়তারা বন্ধ না করলে বড় আন্দোলন গড়ে তোলা হবে।’

মহাসড়ক অবরোধের সময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা শাখা) জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, ‘শিক্ষার্থীরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সড়ক অবরোধের বিষয়টি জানাই। পরে শিক্ষার্থীরা নিজ থেকেই অবরোধ তুলে নেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘রমজান মাসে মানুষের যেন কষ্ট না হয়, তাই শিক্ষার্থীদের অনুরোধ করেছিলাম মহসড়ক ছেড়ে দিতে। শিক্ষার্থীরা আমার কথা রেখেছেন, তারা কার্যক্রম শেষ করে নিজ থেকেই অবরোধ তুলে নেন।’
   
উল্লেখ্য, গত ৪ এপ্রিল খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ইত্তেফাক/এআই