দিনাজপুরে বসতবাড়িতে রিং স্লাব বসানোর সময় মাটিচাপা পড়ে মো. সাজ্জাদ আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়। বুধবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে। মো. সাজ্জাদ আলী সদর উপজেলার পারগাঁ আটবাড়ী গ্রামের নাজিমউদ্দীন নাজীর ছেলে।
খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান, স্টেশন অফিসার অপু কুমার মণ্ডলের নেতৃত্বে ফায়ারম্যান মো. জয়নুল আবেদিন, মশিউর রহমান, আনারুল ইসলাম, আনিসুর রহমানসহ একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
