বিনোদন রিপোর্ট
এবার ঈদে একাধিক নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা। এরমধ্যে দীপ্ত টিভিতে প্রচার হবে ১ ঘণ্টার নাটক ‘আইজু দা ভাই’। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৬টায়। ওয়াহিদুজ্জামান সবুজ ও আসফিদুল হকের রচনা এবং ফিরোজ কবির ডলারের পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, কাজী উজ্জ্বল, আনোয়ার, ইমাসহ আরো অনেকে। পুরান ঢাকার বনেদি সন্তান আইজু ভাইয়ের দুটো স্বপ্ন। এক, তাঁর এলাকায় কোনো ভিক্ষুক থাকবে না এবং দুই, তাঁকে সবাই সারাজীবন ভাই ডেকে যাবে। কিন্তু আইজু ভাইয়ের দুটো স্বপ্নই ভেঙে চুরমার করে দিতে তাঁর এলাকায় একদিন আচমকা হাজির হয় লাইলী নামের এক অপরূপা, ছদ্মবেশি ভিক্ষুক। শেষ পর্যন্ত আইজু ভাই কী পারবে তাঁর ‘ভাইগিরি’ বজায় রাখতে? নাকি লাইলীর কারণে বাকি জীবনটা তাঁকে কাটাতে হবে ‘জাতীয় আঙ্কেল’ হয়েই। নাটকটি প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ‘দারুণ একটি গল্প নাটকটির। হাসির অনেক বিষয় নাটকে রয়েছে। তবে জোর করে হাসানোর বিষয়টি নাটকটিতে নেই।’
