বিনোদন রিপোর্ট
ঈদুল ফিতর উপলক্ষে বিটিভির অনুষ্ঠানমালায় বিশেষ আকর্ষণ হিসেবে প্রচারিত হবে নাটক ‘রচি মম ফাল্গুনী’। নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ এবং প্রযোজনা করেছেন আবু তৌহিদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, নাদিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, তাহমিনা মৌ, তুষার খান, আমিরুল হক চৌধুরী, হাফিজুর রহমান সুরুজ ও আফরোজা বানু। তারকাসমৃদ্ধ এ নাটকটি বিটিভিতে দেখা যাবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
রচি মম ফাল্গুনী নাটকটির কাহিনি বিস্তারিত হয়েছে শমসের নামের এক ধনাঢ্য ব্যবসায়ীর পরিবারকে ঘিরে। শমসের সাহেব ভীষণ রাগী। সারাদিন হৈচৈ করেন। বাড়িতে পান থেকে চুন খসলে কারো রক্ষা নেই। এ কারণে সবাই সবসময় তাঁর ভয়ে অস্থির থাকে। শমসের সাহেবের এক ছেলে এক মেয়ে। ছেলে শারেক বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে ঘরে বেকার বসে আছে। বাবার ব্যবসা বা অন্যকিছুতে কোনো আগ্রহ নেই। মেয়ে শারমিন স্বামী রাব্বিসহ এ বাড়িতেই থাকে। রাব্বিও কিছু করে না। তাদের দুই ছেলে। দুটোই বিচ্ছু টাইপ। দিনমান বাড়ির মধ্যে ঝামেলা পাকাতে ব্যস্ত।
