তিন সিনেমার টিভি প্রিমিয়ার

আপডেট : ০২ জুন ২০১৯, ২০:২৬

 

এবারের ঈদে ৩টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারসহ ২০টি বাংলা চলচ্চিত্র প্রচার করবে এটিএন বাংলা। ১০ দিনব্যাপী ঈদ আয়োজনের প্রতিদিনই প্রচার হবে দুটি করে ছবি। একটি প্রচার হবে সকাল ১০টা ২০ মিনিটে, আর অন্যটি দুপুর ৩টায়। ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত দুপুর ৩টায় টিভি প্রিমিয়ারে দর্শকদের জন্য থাকছে জনপ্রিয় সব চলচ্চিত্র। ঈদের দিন দুপুর ৩টায় প্রচার হবে এম এম সরকার পরিচালিত চলচ্চিত্র ‘পাগল মানুষ’। ছবিটিতে অভিনয় করেছেন শাবনূর, শাহের খান, মিশা সওদাগর প্রমুখ। তারেক শিকদার পরিচালিত ‘দাগ হূদয়ে’ প্রচার হবে ঈদের পরদিন। ছবিটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, বাপ্পী চৌধুরী, আঁচল প্রমুখ। এ কে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহী, ফেরদৌস, মৌসুমী প্রমুখ। উল্লেখ্য, এই ৩টি ছবি ছাড়া অন্য যে ১৭টি ছবি প্রচার হবে তার মধ্যে ১২টি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। ৮টি ছবিতে অপু বিশ্বাস অভিনয় করেছেন। শাকিব খান অভিনীত অন্যান্য চলচ্চিত্রের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শাবনূর, পূর্ণিমা, সাহারা ও পরিমণি।