মতলবে হলুদ তরমুজ চাষ

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৯:৪৭

মতলবে হলুদ তরমুজ চাষ করে সফলতার মুখ দেখলেন বিদেশফেরত সোহেল সরকার। দেখলে চোখ জুড়িয়ে যায় আর খেতেও রসালো ও সুস্বাদু এই তরমুজ। বিক্রি করে লাভের স্বপ্ন দেখছেন তিনি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতান বর্দের হাত কাটার টরকী গ্রামে সোহেল সরকারের খেতে গিয়ে দেখা যায়, সবুজ কচি লতাপাতার মধ্যে ঝুলে আছে হলুদ রঙের তরমুজ। ছোট-বড় তরমুজে নুয়ে পড়েছে মাচা। দেখতে যেন হলুদের সমারহ। উপজেলায় মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ এটা ছাড়া আর কোথাও নেই।

সোহেল সরকার জানান, এ বছর তিনি ২০ শতাংশ জমিতে হলুদ তরমুজ চাষ করেছেন। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে বিক্রির উপযোগী হবে তার জমির তরমুজ। তাই বর্তমানে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে তার। এখন পর্যন্ত হলুদ তরমুজ চাষে ৬৫ হাজার টাকা বিনিয়োগ করেছেন তিনি। বর্তমান বাজারে হলুদ জাতের তরমুজের প্রতি কেজির দাম প্রায় ১০০ টাকা। তবে হলুদ তরমুজ প্রথম বারের মতো করায় তার খুব বেশি লাভ না হলেও অবকাঠামো তৈরি করে ফেলেছেন। যার কারণে এখানে তিনি বারবার এই হলুদ তরমুজের চাষ করতে পারবেন।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ অঞ্চলের মাটি তরমুজ চাষের উপযোগী। চাষি সোহেল সরকার এ এলাকায় পÌথম হলুদ তরমুজ আবাদ শুরু করেন। তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। তবে এখানে বৃষ্টির পানি জমলেও যেন ক্ষতি না হয় সেজন্য উঁচু আইল করে তরমুজের চারা রোপণ করা হয়েছে।