গৌরনদীতে সৌর বিদ্যুতের মাধ্যমে চলছে সেচকাজ 

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬:০৫

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রামে গত বছর বোরো মৌসুম থেকে বিদ্যুতের সেচ প্রকল্পের মাধ্যমে ২৫ হেক্টর জমিতে ধান চাষ শুরু হয়েছে। এতে উৎপাদন খরচ কমায় খুশি কৃষকরা। তবে এ পদ্ধতিতে সুবিধা পাচ্ছেন মাত্র ৭০-৮০ জন কৃষক। 

গৌরনদী কৃষি অফিস সূত্রে জানা গেছে, ‘সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি’ ভূ-গর্ভস্থ প্রদর্শনী নামের পাইলট প্রকল্পটি গত ২০২১ সাল থেকে চালু হয়। এ পদ্ধতিতে সেচ খরচ তিন ভাগের এক ভাগে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।  

উত্তর বিল্বগ্রাম পানি ব্যবস্থাপনা কৃষক সংগঠনের সভাপতি ও ব্লক সুপারভাইজার মিজানুর রহমান জানান, ডিজেলচালিত পাম্পের মাধ্যমে প্রতি বিঘা জমিতে পানি সেচ কাজে খরচ ১ হাজার ২০০ টাকার বেশি। আর সৌর পদ্ধতিতে সেচ কাজে খরচ মাত্র ৪০০-৫০০ টাকা। তিনি গৌরনদীর অন্যান্য ব্লকেও এ পদ্ধতি চালুর দাবি জানান। 

গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি ভূ-গর্ভস্থ (বাড়িড পাইপ) প্রদর্শনী নামের পাইলট প্রকল্পটি ২০২১ সাল থেকে গৌরনদীর উত্তর বিল্বগ্রামে চালু হয়েছে। এ পদ্ধতিতে সেচ খরচ তিন ভাগের এক ভাগে নেমে আসবে। 

ইত্তেফাক/এআই