আবার মুক্তির সংগ্রাম শুরু: ইমরান খান 

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২১:৩১

গতকাল শনিবার (৯ এপ্রিল) মধ্যরাতে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা প্রস্তাবের ভোটে গদি হারান। গদি হারানোর পর অনেকটা আড়ালে চলে যান ইমরান খান। তবে শেষমেশ আজ রবিবার টুইটারে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। 

টুইটারে ইমরান খান লিখেছেন, '১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয়, কিন্ত শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার মুক্তির সংগ্রাম শুরু হলো।' 

ইমরান খান আরও লিখেছেন, 'দেশের জনগণ সর্বদা তাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করে।' 

গতকাল ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটে ১৭৪ জন এমপি সমর্থন জানায়। এর পরই প্যানেল স্পিকার আয়াজ সাদিক ঘোষণা দেন, ১৭৪ জন সদস্য প্রস্তাবের পক্ষে তাদের ভোট দিয়েছেন। ফলস্বরূপ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে। 

শনিবার দেশটির স্থানীয় সময় সাড়ে ১০ টায় অধিবেশন শুরু হয়। এর পর দিনভর চলে নানা নাটকীয়তা। তিন চার দফায় অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

এরপর মধ্য রাতে ভোট শুরুর আগে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম সুরি পদত্যাগ করেন। স্পিকারের পদত্যাগের পর ভোট প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন প্যানেল স্পিকার পিএমএল-এন নেতা আয়াজ সাদিক। 

ইত্তেফাক/এসআর