স্বামীর জামিনের পর যা বললেন হৃদয় মণ্ডলের স্ত্রী

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২০:০৪

জামিন পেয়েছেন মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। রবিবার (১০ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া ৫ হাজার টাকার বন্ডে তার জামিন প্রদান করেন। 

জামিন পাওয়ার পর হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা মণ্ডল বলেন, ‘আমরা আনন্দিত। তবে নিরাপত্তাহীনতায় ভুগছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বাভাবিক জীবন যাপনের নিরাপত্তা চাচ্ছি। আমার স্বামী কোনো অপরাধ করেননি। ২২ বছর ধরে তিনি ওই বিদ্যালয়ে গণিত ও বিজ্ঞানের ক্লাস নিয়ে আসছেন। তার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ওঠেনি। ষড়যন্ত্রমূলকভাবে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। আমার স্বামী যেন ভালভাবে চাকরি করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

সরকারের পক্ষের আইনজীবী (এপিপি) সিরাজুল হক পল্টু বলেন, আদালত পযালোচনা করে হৃদয় মণ্ডলকে জামিন দিয়েছে। এতে সরকার পক্ষ অসন্তুষ্ট নয়।

বিজ্ঞান ক্লাসে ধর্ম অবমাননার কথিত অভিযোগে হৃদয় মণ্ডলকে গত ২২ মার্চ থানায় নিয়ে আসে পুলিশ। পরে বিদ্যালয়টির অফিস সহকারী বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত ২৮ মার্চ মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এ তার জামিন আবেদন করা হলে ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে জামিন নামঞ্জুরের পরিপ্রেক্ষিতে তার আইনজীবী মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামির জামিনের জন্য ৪ এপ্রিল ফৌজদারি মিস মামলা করেন। পরে আসামির জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন।

ইত্তেফাক/ইউবি