দাওয়াত পাচ্ছেন প্রাক্তনরাও!

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২১:৫৪

এরইমধ্যে বলিউডের আলোচিত তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের কাউন-ডাউন শুরু হয়ে গেছে। আসছে ১৪ তারিখ গাঁটছড়া বাঁধবেন তারা। বিয়ের অনুষ্ঠান সেরে রিসিপশনের পার্টি হবে ১৭ তারিখ। বিয়েতে ৪৫০ জন অতিথি থাকার কথা শোনা গেলেও কারা কারা রয়েছেন সেই তালিকায়, এখন সেটা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

লাভার বয় রণবীরের বিয়েতে তার সাবেকরা থাকছেন কি-না—এ নিয়েও ভক্তদের কৌতুহলের শেষ নেই। অবশেষে তাদের জল্পনা-কল্পনার অবসান হলো। 

রণবীর-আলিয়ার বিয়েতে দাওয়াত পাচ্ছেন রণবীরের সাবেক দুই প্রেমিকা ক্যাটরিনা ও দীপিকা পাডুকোন। এমনকি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে বিয়েতে উপস্থিতও থাকবেন তারা। 

ক্যাটরিনা-দীপিকার সঙ্গে রণবীরের প্রেমের সম্পর্ক বিয়ের গুঞ্জন পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু শেষ অবধি বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের মাঝে সম্পর্ক খারাপ বলেও গুঞ্জন ছিল। তবে রণবীরের সঙ্গে দীপিকা-ক্যাটরিনার সব বিবাদ মিটমাট হয়ে গেছে বলে জানা গেছে। তাই বিয়ের অতিথি তালিকায় বিশেষ হিসেবেই থাকছেন তারা।

রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, দীপিকা-ক্যাটরিনার সঙ্গে মনোমালিন্যের অবসান হয়েছে রণবীরের। তাই ফারহান আখতারের পরবর্তী সিনেমা ‘জি লে জারা’য় ক্যাটরিনা, আলিয়া একসঙ্গে কাজও করছেন। এমনকি ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার বিয়ের সময় আলিয়াও নিমন্ত্রণ রক্ষা করেছিলেন। 

একইভাবে দীপিকার সঙ্গে বিয়ের পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে রণবীর কাপুর ও রণবীর সিংহের মধ্যে। সেই ধারাবাহিকতায় রণবীরের বিয়েতে ক্যাটরিনা-দীপিকার উপস্থিতি বিশেষ চমক দেবে এটা বলার অবকাশ রাখে না।

এছাড়াও রণবীর ও আলিয়া যে সকল পরিচালক, প্রযোজক এবং সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তারাও উপস্থিত থাকবেন রিসিপশন পার্টিতে।

ইত্তেফাক/বিএএফ