বিশ্ব ব্যাংক জানিয়েছে, রুশ আগ্রাসনের কারণে এ বছর ইউক্রেনের অর্থনীতি ৪৫ শতাংশ সংকুচিত হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানায়, পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়াজুড়ে করোনা মহামারীর কারণে যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তার চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি হবে ইউক্রেনের। সেইসঙ্গে অভিযান পরিচালনার কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলো রাশিয়াতেও তীব্র মন্দা সৃষ্টি করবে।
এর আগে, ইউক্রেনের উপ-অর্থমন্ত্রী ডেনিস কুদিন জানিয়েছেন, ২০২২ সালে দেশটির অর্থনীতি ৪০ শতাংশ সংকুচিত হবে। রাশিয়ার সামরিক আগ্রাসন দেশটির অর্থনীতি একেবারে পাল্টে দিয়েছে।
গম ও সূর্যমুখী তেলের শীর্ষ রফতানিকারক হওয়ার কারণে ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হতো। কিন্তু চলমান যুদ্ধে দেশটির রফতানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
