কানাডার প্রাদেশিক নির্বাচনে আবারো প্রার্থী ডলি বেগম

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৯:১৬

কানাডার আসন্ন অন্টারিও প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম (এমপিপি) আবারো প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। আগামী জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য নির্বাচনের এনডিপি’র (নিউ ডেমোক্রেটিক পার্টি) প্রতিনিধিত্ব করবেন। তার বর্তমান আসন টরন্টোস্থ ওয়েস্ট স্কারবোরো থেকে লড়াই করবেন তিনি।
 
সম্প্রতি স্থানীয় নেইবারহুড সেন্টারে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী সভায় তুলে ধরা হয় বিগত প্রায় ৪ বছরে ডলির নানামুখী কাজকর্ম।  

মনোনয়ন গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য দিতে গিয়ে ডলি বলেন, ‘৪ বছর আগে প্রথমবার মনোনয়ন পেয়ে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে- ইমিগ্র্যান্ট পরিবারের এই মেয়ে আপনাদের সুখ-দুঃখে পাশে থাকবে সবসময়। বিগত বছরে কোভিড অতিমারীর প্রকোপে সবাই একটি আতঙ্কজনক সময় পার করলেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকার, তাদের বিভিন্ন সমস্যা নিরসনে সর্বোচ্চ আন্তরিকতায় চেষ্টা করে যাবার। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন নিয়ে আমি আমার সেই চেষ্টা চালিয়ে যেতে চাই।'

এনডিপি নেতা জগমিত সিংয়ের সঙ্গে ডলি বেগম। ছবি: ইত্তেফাক

বিগত চার বছরে বিরোধী দলে থেকেও বিভিন্ন সময়ে সাফল্যের সাথে নিজের বিল পাশ করিয়ে নিয়ে আসার জন্য রাজনৈতিক অঙ্গনে এবং মূল ধারার মিডিয়ায় প্রশংসিত ডলি তার উল্লেখযোগ্য সাফল্যগুলো তুলে ধরে আরো বলেন, ‘আন্তরিকতা আর দৃঢ়তা থাকলে বিরোধী দলে থেকেও মানুষের জন্য কাজ করা যায়। আর এই সাফল্যের সমান অংশীদার হচ্ছেন সাধারণ জনগণ, যারা নিজেদের শত চ্যালেঞ্জ মাথায় নিয়েও আমার পাশে দাঁড়িয়ে আমাদের শক্তি যুগিয়েছেন।’

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন স্কারবোরো সাউথ-ওয়েস্ট এনডিপি এর প্রাক্তন প্রেসিডেন্ট ড্যান ডানিয়েলসন, তরুণ নারী উদ্যোক্তা মেহনাজ ভূলাত, বিশিষ্ট ফিলিপিনো-কানাডিয়ান কলামিস্ট এবং কমিউনিটি লিডার টনি সেনহুয়ান, পার্শ্ববর্তী আসনবিচেস-ইস্ট ইয়র্ক এর এমপিপিরিমা বার্নস-ম্যাকগাউন, স্কারবোরো সাউথ-ওয়েস্ট এনডিপি প্রেসিডেন্ট ব্যারিস্টার রিজওয়ান রহমান।

ইত্তেফাক/এসজেড