কুমিল্লা জেলার বেশ কিছু সড়ক বেহাল

আপডেট : ০২ জুন ২০১৯, ২১:৩৫

কুমিল্লা জেলার বেশকিছু সড়ক বেহাল হয়ে পড়েছে। এসব সড়কে খানাখন্দ আর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের সংস্কার না হওয়ায় বেশিরভাগ সড়ক যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

সওজ কর্তৃপক্ষ কয়েক দিন পর পর বেহাল সড়কের গর্তগুলো ভরাট করে যানবাহন চলাচলের ব্যবস্থা করলেও তা কিছুদিন না যেতেই ফের আগের অবস্থায় ফিরে যায়। এসব স্থানে প্রায়ই যানবাহন আটকে যাচ্ছে, ঘটছে দুর্ঘটনা। তবে কুমিল্লা-চাঁপাপুর-কোটবাড়ি হয়ে বরুড়া সড়কের সংস্কার কাজ চলছে একেবারে ধীরগতিতে, ফলে দুর্ভোগ কাটছে না মানুষের। এসব সড়কের কোনো কোনো এলাকায় কিছু সংস্কার কাজ হলেও অধিকাংশ স্থানে বেহাল অবস্থা বিরাজ করছে।

সূত্র জানায়, সওজ, এলজিইডি, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌর এলাকার অনেক সড়ক গেল বছরের বর্ষা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। অধিকাংশ সড়ক সংস্কার না হওয়ায় এবারের ভারী বর্ষণে সড়কগুলোর অবস্থা বেহাল হয়ে পড়েছে। সড়কের গর্তে ড্রেনের পানি জমাট বেঁধে যান চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বাবুল জানান, গত বছরের বর্ষা ও বন্যায় অধিকাংশ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কার না হলে আগামী বর্ষায় এসব সড়কে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে এবং চলাচল দুরূহ হয়ে পড়বে।

মুরাদনগর উপজেলার ব্যবসায়ী জুলহাস আলী জানান, এ উপজেলার অধিকাংশ সড়ক বেহাল।

কুমিল্লা নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা নূরে আলম নসু জানান, বেহাল এসব সড়কে সামান্য বৃষ্টিতে খানাখন্দের সৃষ্টি হয়, আবার শুকনো সড়কে প্রচণ্ড ধুলাবালিতে আচ্ছন্ন হতে হয়। এসব সড়কে চলাচল করতে গিয়ে অসহনীয় ভোগান্তির শিকার হতে হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ জানান, এ সিটির ৩৫ ভাগ সড়কের অবস্থা খারাপ, তবে এগুলো সংস্কারের জন্য প্রক্রিয়া চলছে।

সওজ-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, কুমিল্লা নগরীর টমছমব্রিজ থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে লাকসাম থেকে নোয়াখালী সড়কটি চার লেনে উন্নীত করার কাজ চলছে।

এছাড়া কুমিল্লা-চাঁদপুর, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা সদর উপজেলার চাঁপাপুর-কোটবাড়ি হয়ে বরুড়া পর্যন্ত সড়কেও উন্নয়ন কাজ চলছে। এসব উন্নয়ন কাজের জন্য আমাদের সকলকে কিছুটা দুর্ভোগ মেনে নিতে হবে। সওজের আওতাধীন জেলা ও উপজেলাভিত্তিক ক্ষতিগ্রস্ত সড়কের উন্নয়ন কাজও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।