প্যারিসে চীনা দূতাবাসের বাইরে শনিবার (৯ এপ্রিল) পাঁচটি তিব্বতি অ্যাসোসিয়েশনের সঙ্গে বিক্ষোভ করেছে ‘স্টুডেন্টস ফর এ ফ্রি তিব্বত-ফ্রান্স’ (এসএফটি-ফ্রান্স) গ্রুপের ছাত্ররা। এছাড়াও দূতাবাসের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে দেশটিতে বসবাসরত তিব্বতের নাগরিকরা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এআনআই।
খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা তিব্বতের পতাকা হাতে এ কর্মসূচীতে যোগ দেয়। তিনজন তিব্বতির আত্মহত্যার বানোয়াট ঘটনার বিচারের দাবিতে এ বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার সরকারের পতনের দাবি করার পাশাপাশি তিব্বতের স্বাধীনতার দাবিও জানান।
এই বছরের ২৫ ফেব্রুয়ারি লাসার পোতালা প্রাসাদের সামনে একজন জনপ্রিয় গায়ক গায়ক সিওয়াঙ নরবু আত্মহত্যা করেছিলেন। আরেক তিব্বতি ব্যক্তি তিব্বতের কায়েগুডোর খাম অঞ্চলে একটি থানার সামনে নিজেকে আগুন দিয়েছিলেন।
১৯৫০ সালে চীনের কমিউনিস্টরা তিব্বত আক্রমণ করে এবং এক বছরের মধ্যে লাসার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ১৯৫৯ সাল থেকে দালাই লামার নেতৃত্বে তিব্বতের প্রবাসী সরকার ভারতের আশ্রয়ে রয়েছে। বর্তমানে রাজনৈতিকভাবে অঞ্চলটি চীনের অংশ হলেও অধিকাংশ তিব্বতি তা মানতে নারাজ। অন্যদিকে, চীন এই অঞ্চল নিয়ে কোনো ঢিলেঢালা করতে রাজি নয়।
