পাবনা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার (১১ এপ্রিল) ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ হওয়ায় পাবনা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পাবনার বেড়া উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে।
জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রত্যাশীদের আগামী ৭ দিনের মধ্যে জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মুরাদ হায়দার টিপু ও উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাবনা জেলা কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলার অন্তর্গত কোনো ইউনিট নতুন কমিটি ঘোষণা করতে পারবে না।
পাবনা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার সত্যতা স্বীকার করে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তাজুর ইসলাম জানান, ২০১৮ সালের ২১ জানুয়ারি জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। সেই অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটি যথার্থ সিদ্ধান্ত নিয়েছে।

অল্পের জন্য রক্ষা পেলো ১১ শিক্ষার্থী