রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২১:৩২

রাজশাহী মহানগরীতে ট্রাকে তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১১ এপ্রিল) রাতে মহানগরীর সিটি হাট রোডের সিলিন্দা বাঁশের আড্ডা নামক স্থানে ট্রাক থামিয়ে তল্লাশি করে মাদকসহ তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানার দেবনগর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩৩), সিলেট মহানগরীর মোংলা বাজার থানার আলমপুর গ্রামের মৃত আফজাল শরিফের ছেলে মো. সেলিম মিয়া (৪৭) ও সিলেট জেলার গোপালগঞ্জ থানার কিছমত মাইজ ভাগ গ্রামের মৃত তমজিদ আলীর ছেলে মো. আব্দুল কাইয়ুম মিয়া (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মিনি ট্রাকে সিলেট থেকে বানেশ্বর হয়ে রাজশাহী শহরে গাঁজা প্রবেশের খবরে ট্রাকটি তল্লাশি করা হয়। তার আগে চালক রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ আসামি রুবেল, চালক সেলিম ও হেলপার আব্দুল কাইয়ুমকে আটক করে।

এসময় ট্রাক তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, উদ্ধারকৃত গাঁজা রাজশাহী মহানগরীর মো. আবুল কাশেমের কাছে পৌঁছে দেওয়ার জন্য আনা হয়েছিলো। এ ঘটনায় নগরীর শাহ মখদুম থানায় মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি