কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
জুয়া খেলাবস্থায় কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজার হতে দুই ইউপি সদস্যসহ সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। রবিবার পুলিশ জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।
আটককৃত হলেন— উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোনাব্বর হোসেন লিটু, একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, যুগল চন্দ্র রায়, ভরত চন্দ্র রায়, আব্দুর রহমান, জয়নাল আবেদীন ও নুর আলম। এদের সবার বাড়ি উপজেলার মেলাবর, দক্ষিণ বড়ভিটা ও বড় ডুমুরিয়া গ্রামে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশীদ জানান, আটককৃত জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম, দুটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
