মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ হাওলাদার নামে এক যুবক খুন হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ ওই গ্রামের দিনমজুর কালাম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরিফের সাথে স্থানীয় প্রতিবেশী কয়েক যুবকের গুটি খেলা নিয়ে কয়েকদিন আগে বাক-বিতণ্ডা হয়। এর জেরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট শৌলা এলাকার বেলায়েত খানের বাড়ির সামনে প্রতিপক্ষরা আরিফের গলায় চাকু মেরে পালিয়ে যায়। গুরুতর আহত আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে আরিফ মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর আরিফের মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল্লাহ্ জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
