শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ঠে লাইটম্যানের মৃত্যু

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৬:২৭

গত ৬ এপ্রিল চয়নিকা চৌধুরীর ‘প্রথম প্রথম প্রেম’ নাটকের শুটিং চলাকালে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ লাইটম্যান সবুজ আজ মারা গেছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

লাইটম্যান সবুজের মৃত্যুর তথ্যটি একাধিক অভিনয়শিল্পী নিশ্চিত করেছেন। সবুজ আহত হওয়ার পর থেকেই সেসব শিল্পী তার খবর রাখছিলেন।

শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে অভিনেতা রাশেদ মামুন অপু লেখেন, ‘আমাদের আলোকিত করতে গিয়ে নিজেই অন্ধকারে চলে গেলেন সবুজ। আমাদের লাইটের সবুজ।’

চয়নিকা চৌধুরী বলেন, গত ৬ এপ্রিল দুর্ঘটনাটি ঘটে ‘প্রথম প্রথম প্রেম’ নাটকের সেটে। সবুজের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা আর হলো না।

এই নির্মাতা বলেন, ‘একেবারের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এটা। আমাদের শুটিং হাউজের কারেন্ট বন্ধ ছিল। সে (সবুজ) বোর্ড ঠিক করতে গিয়ে জাস্ট বোর্ডটা রাস্তার তারের ওপর পড়লো, আর সে গিয়ে হাতটা দিলো। সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা। আমার বেশি খারাপ লাগছে তার বাবা ও মায়ের কথা ভেবে। সবুজ তাদের একমাত্র সন্তান।’

এদিকে লাইটম্যান সবুজের মৃত্যুতে নাটক পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কয়েকটি নাটকের সেটে সম্মান জানাতে শুটিং থামিয়ে নীরবতা পালন করা হয়।

জানা যায়, বিকালের মধ্যেই এই লাইটম্যানের জানাজা ও দাফনের সিদ্ধান্ত হবে।