চৌগাছায় মোটরসাইকেল চালককে হত্যার ঘটনায় আটক ২

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৬:৪৬

যশোরের চৌগাছায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক কায়েম আলীকে (৫৫) গলাকেটে হত্যা ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার হয়েছে। 

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

বুধবার ১০ এপ্রিল দিবাগত রাতে কায়েম আলীকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। ১১ এপ্রিল সকালে উপজেলার সৈয়দপুর গ্রামের সিঙের বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

আটককৃতরা হলো অন্তর হোসেন লিখন (২২) ও রাহিম মণ্ডল ওরফে রায়হান (২৫)। আসামি অন্তর উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মাসুদ রানার ছেলে ও রাহিম মণ্ডল ওরফে রায়হান নওগাঁ জেলার সদর উপজেলার শৈলকূপা গ্রামের মোতাহার হোসেনের ছেলে। 

আটক অন্তর ও রায়হান পেশায় রাজমিস্ত্রি। তারা এক সাথে মাগুরায় রাজ মিস্ত্রির কাজ করতো। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ঘটনার পরে তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে (ওসি) সাইফুল ইসলাম সবুজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহ থেকে অন্তর হোসেন লিখনকে এবং মাগুরা থেকে রায়হানকে আটক করে। এসময় তাদের কাছ থেকে (সিটি-১০০) মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান। এ ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় মামলা করেছেন। মামলা নং ১০। আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এমএএম