‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো ষড়যন্ত্রই পরাজিত করতে পারবে না’

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৭:৪৭

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, যারা বাংলাদেশকে পাকিস্তান ও শ্রীলংকার সঙ্গে তুলনা করে, তারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা পাকিস্তানের প্রেতাত্মা। তাদের অন্তরে পাকিস্তান। বঙ্গবন্ধুর বাংলাদেশ তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তাই মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশ্নে বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো আপোষ করে না। আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই পরাজিত করতে পারবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। তারা অভিমানী হয়, কিন্তু বেঈমান হয় না। দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, তবে কোনো প্রতিহিংসা থাকবে না। এ দলে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই। যারা দলের জন্য নিবেদিত তারাই পদ পদবীতে স্থান পাবেন। কোনো মাদকাসক্ত, মাদক ব্যবসায়ীর  স্থান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে হবে না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করা হবে।

উপমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। স্বেচ্ছাসেবকলীগকে আরও সুশৃঙ্খল, আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কাজ করে জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে।

ফতেজঙ্গপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক টগর কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাম মৃধার সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন- নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক ভিপি সিরাজুল ইসলাম চুন্নু, ধর্ম সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, উপ-প্রচার সম্পাদক এমরান রশিদ লিমন বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার নজরুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/এমএএম