নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অপরাধে লক্ষ্মীপুরের কমলনগরে ১৫ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান তাদেরকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- ভোলা সদর উপজেলার বাসিন্দা ফারুক, আলাউদ্দিন, পারভেজ, ফারুক হোসেন, আব্বাস, বুলবুল, শাহাবুদ্দিন, বিল্লাল, আনোয়ার, হারুন, জামাল, আকতার, ফয়সাল, সোহেল ও হেলাল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, ইলিশের জাটকা সংরক্ষণের লক্ষে সরকার কমলনগর উপজেলার মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুইমাস সকল প্রকার জাল ফেলা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ২৫ হাজার মিটার অবৈধ জাল ও ৪৭ কেজি জাটকা ইলিশসহ ১৫ জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক সাত জনকে ১৫ দিন এবং আট জনকে ১০ দিনের করে কারাদণ্ডের রায় দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান দণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ আইনে জেলেদেরকে এ দণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়ে ফেলার পাশাপাশি জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
