ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২০:১১

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে ডুবে মাসুম (১২) ও জাহিদ (৭) নামে দুই শিশু নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাওন (৮) নামে একজন শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের একটি দল।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় সদর উপজেলার নারগুন ইউনিয়নে কহরপাড়া ঘাটে এ ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু জাহিদ হাসান কহরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ও শিশু মাসুম মুনছুর আলীর ছেলে। নিখোঁজ শাওনের বাবার নাম জানা যায়নি।   

স্থানীয়রা জানিয়েছে, ৫-৭ জন শিশু বিকেলে নদীতে গোসল করতে নামে। এ সময় মাসুম, জাহিদ ও শাওন ডুবে যায়। বাকিরা  ডাঙ্গায় উঠে চিৎকার শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় মাসুম ও জাহিদকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমএএম