সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদের পোশাক
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের তাড়াশে ঈদ উপলক্ষে নতুন পোশাক পেল সুবিধাবঞ্চিত ৫৩ শিশু। রবিবার ভিলেজ ভিশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সংগঠনের সভাপতি শরীফ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
নকলায় ঈদসামগ্রী ও পোশাক বিতরণ
নকলা (শেরপুর) সংবাদদাতা ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করেছে নকলা অসহায় সহায়তা সংস্থা। রবিবার উপজেলার মমিনাকান্দা মাদরসা মাঠে ১শ’২০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার সভাপতি শামিম আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানসহ অন্যান্যরা।
গাংনী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা ঈদুল ফিতর উপলক্ষে গাংনী পৌরসভা এলাকার নয়টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জন অসহায় দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। রবিবার মেয়র আশরাফুল ইসলাম ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন। এসময় প্যানেল মেয়র মলিদা খাতুন, সাহিদুল ইসলাম, কাউন্সিলর আমিনুল ইসলাম আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা ঈদুল ফিতর উপলক্ষে দুর্গাপুরে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠে রবিবার হতদরিদ্রদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্গাপুরের ব্যবসায়ী আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী মো. আলাল উদ্দিন আলাল তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হতদরিদ্র মানুষের মাঝে প্রায় ২ হাজার শাড়ী, লুঙ্গি সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, ব্যবসায়ী হারাধন সরকার, আজহারুল ইসলাম আরিফ প্রমুখ।
পাটগ্রামে মুক্তিযোদ্ধাদের সেমাই উপহার
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সেমাই, চিনি, দুধ উপহার দিয়েছেন। পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রবিবার তিন শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে সেমাই ও চিনি এক কেজি করে এবং দুধের কৌটাসহ প্যাকেট প্রত্যেকের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি এএইচএম সালাউজ্জামান ফারুক, জাকির হোসেন, অধ্যক্ষ (অব.) এম ওয়াজেদ আলী প্রমুখ।
দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া এলাকায় অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেসরকারি সংস্থা নাবিল ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান কার্যালয় প্রাঙ্গনে অসহায় ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আলী হায়দার সেলিম। বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানসাট সলেমান ডিগ্রি কলেজের প্রাক্তন প্রফেসর আবদুল বারী।
পটিয়ায় ঈদ বস্ত্র ও অর্থ প্রদান
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা পটিয়ার ৬ গ্রামে ৪০ হাজার মানুষকে ঈদ বস্ত্র ও নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে। রবিবার কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের গ্রামের বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের সাঈদাইর গ্রামে এ ঈদ বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পটিয়া উপজেলার জিরি, কুসুমপুরা, বড়লিয়া, আশিয়া, কাশিয়াইশ ও জঙ্গলখাইন ইউনিয়নের ৪০ হাজার মানুষের মাঝে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি ও গেঞ্জি প্রদান করা হয়। কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি খলিলুর রহমান নিজ হাতে গরীব অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।
ঝিনাইগাতীতে প্রেসক্লাবের কমিটি গঠন
খোরশেদ সভাপতি, সম্পাদক ইউসুফ
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা প্রেসক্লাব ঝিনাইগাতী শেরপুরের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। প্রভাষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে খোরশেদ আলম (দৈনিক ইত্তেফাক) সভাপতি ও ইউসুফ আলী সরকারকে (দৈনিক জনতা) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো.লোকমান হোসাইন ও আর এম সেলিম শাহ্ী, সহ-সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক, কোষাধক্ষ্য আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক এস এম আনিছুর রহমান, সাহিত্য সম্পাদক সুজন শাহ্ী, আসাদুল্লাহ সিরাজী, মেহেদী হাসান মাসুম, মনোয়ার উল্লাহ, আব্দুল হান্নান, আজিজুর রহমান, মাসুদ রানা কাজল, এস এম নয়নকে সদস্য করে ১৮ সদস্যবিশিষ্ট প্রেসক্লাব ঝিনাইগাতীর কার্যকরী কমিটি গঠন করা হয়।
নড়াইলে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
নড়াইল প্রতিনিধি নড়াইলে বজ্রপাতে কুলসুম বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের বিলে গরু ও ছাগল আনতে গিয়ে তিনি বজ্রপাতে মারা যান। নিহত কুলসুম বেগম পৌরসভার ডুমুরতলা গ্রামের আলমগীর হোসেন মোল্যার স্ত্রী। নড়াইল সদর থানার এসআই শফিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ
নেতার তিন লাখ টাকা ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সরাইল উপজেলা পাকশিমুল ইউনিয়নের ভুইশ্বর বাজার থেকে ইফতার শেষে সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মুখলেছুর রহমান তিন লাখ টাকা নিয়ে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে শহরে বাড়িতে ফিরছিলেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলা সদরের সুহিলপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে রাত প্রায় পৌনে ৮টার দিকে একটি মাইক্রোবাস অটোরিকশার গতিরোধ করে। এসময় ৫/৬জন অস্ত্রধারী দুর্বৃত্ত মুখলেছুর রহমানকে অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ ঘটনায় রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই হাবিবুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
সেনবাগের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির
ইফতার মাহফিল অনুষ্ঠিত
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা সেনবাগ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের কল্যাণ ও সাবেক রাষ্ট্রপতি জাতীয়পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের আশু রোগমুক্তি কামনা করা হয়। এসব ইফতারে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, নোয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এবং সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর বলেন, জাতীয় পার্টিকে তৃণমুল পর্যায়ে শক্তিশালী করতে হবে। দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। তাই জাতীয় পার্টি সংসদে গঠনমূলক সমালোচনা করে সরকারে ভুলত্রুটি ধরিয়ে দেবে। তিনি বলেন, জাতীয় পার্টি সংসদে বঞ্চিত এবং অবহেলিত মানুষের কথা বলবে। এতে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা বাড়বে। তাই উপজেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হাসান মঞ্জুর।
০
