বল ছুড়ে জরিমানার কবলে খালেদ

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৪:০০

বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার অভিযোগে শাস্তি পেতে হলো খালেদ আহমেদকে। আচরণবিধি ভঙ্গ করায় বাংলাদেশের এই পেসারকে একটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি।

ঘটনাটি ঘটেছে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। দক্ষিণ আফ্রিকা তখন প্রথম ইনিংসের খেলা চালিয়ে যাচ্ছিল। ৯৫তম ওভারে খালেদের একটি বল ঠেকিয়ে তার কাছেই ফেরত দেন প্রোটিয়া ব্যাটার কাইল ভেরেইনে। কিন্তু আগ্রাসন দেখাতে ফলো থ্র‚তে ভেরেইনের দিকে বল ছুড়ে মারেন খালেদ। যা আঘাত হানে ভেরেইনের ডান গ্লাভসে।

খালেদ তৎক্ষণাত দুঃখ প্রকাশ করলেও ক্ষিপ্ত ছিলেন ভেরেইনে। স্লিপ থেকে এসে প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটারকে শান্ত করেন ইয়াসির আলি। এরপর খালেদের বিপক্ষে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন আম্পায়াররা। ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনেও নেন খালেদ।

ক্যারিয়ারে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন এ পেসার। আগামী ২৪ মাসে আরও দুটি ডিমেরিট পেলে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে ও টি-২০ ম্যাচে নিষিদ্ধ হবেন তিনি।

ইত্তেফাক/টিএ