নাটক, ওয়েব সিরিজ, সিনেমায় সমানতালে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। তবে বছরজুড়ে তিনি অভিনয়ে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে পরিচালক পরিচয়েও দেখা মেলে তার। বিশেষ দিবসে দর্শকরাও অপেক্ষা করেন তার পরিচালিত নাটকের। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও একটি নাটক নির্মাণ করলেন মিলন। ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের এই নাটকটির দৃশ্যধারণের কাজ সম্প্রতি শেষ হয়েছে। নাটকটি নির্মাণের পাশাপাশি গল্পও লিখেছেন মিলন নিজেই।
নিজের নতুন নাটক প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘এই তুমি সেই তুমি নাটকে একটি প্রেমের গল্প বলতে চেয়েছি। মানুষ সবচেয়ে বড়। আর ভালেবাসা তৈরি হয় মানুষে-মানুষে। ধর্ম, বর্ণ, গোত্র দিয়ে ভালোবাসা হয় নাদ, সেটি বুঝাতে চেয়েছি। তবে ধর্মকে আঘাত করে এমন কিছু এখানে দেখানো হয়নি। গল্পে চমক আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শাহনাজ মায়া। এছাড়া আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, অবিদ রেহান, শারমিন সুলতানা শর্মী, নুপুর, জারা মনি প্রমুখ। ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি আরটিভিতে প্রচার হবে। এদিকে বরাবরের মতো এবারের ঈদেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন মিলন। পাশাপাশি তার হাতে একাধিক নাটকের কাজ রয়েছে।
এ নিয়ে তিনি আরও বলেন, ‘প্রতি ঈদেই চেষ্টা থাকে মানসম্পন্ন কিছু নাটকে কাজ করার। এবারও ব্যতিক্রম হচ্ছে না। সম্প্রতি ৪টি নাটকের কাজ শেষ করেছি। এছাড়া বেশ কয়েকটি নাটকের কাজও হাতে রয়েছে। এবারের ঈদে ডজনখানেক নাটকে অভিনয় করছি। প্রতিটি নাটকে ভিন্নতা থাকছে। ভিন্ন মিলনকে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার বিশ্বাস, নাটকগুলো ঈদের আমেজ বাড়িয়ে দেবে।
