ক্রেমলিন সমালোচকের ১৫ দিনের কারাদন্ড

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১২:০৫

পুলিশের নির্দেশ অমান্য করার দায়ে ভ্লাদিমির কারা-মুর্জাকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। তিনি সম্প্রতি ক্রেমলিন ও ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছিলেন। তার আইনজীবীর বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

কারা-মুর্জার আইনজীবী ভাদিম প্রখোরভ বলেন, ‘মস্কোর খামোভনিচেস্কি জেলা আদালত পুলিশের নির্দেশ অমান্য করার দায়ে কারা-মুর্জাকে দোষী সাব্যস্ত করে এবং তাকে সর্বোচ্চ ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়।’

তিনি আরও জানান, পুলিশের প্রতিবেদনে বলা হয় যে ৪০ বছর বয়সী কারা-মুর্জা সোমবার সন্ধ্যায় তার অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে পুলিশকে অপেক্ষা করতে দেখে অদ্ভুত আচরণ এবং পালানোর চেষ্টা করেন। পুলিশ কেন সেখানে অপেক্ষা করছিল আদালতে সে ব্যাপারে কোন ব্যাখ্যা দেয়া হয়নি।

প্রখোরভ বলেন, ‘অবশ্যই এটি রাজনীতির সাথে যুক্ত। তাকে বন্দি রাখার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে।’

সাবেক এ সাংবাদিক রাশিয়ার বিরোধী দলীয় নেতা বরিস সেমস্তভের একজন ঘনিষ্ঠ সহযোগি ছিলেন। তিনি ২০১৫ সালে ক্রেমলিনের কাছে নিহত হন।

কারা-মুর্জা দাবি করে বলেন, তার রাজনৈতিক কর্মকান্ডের কারণে ২০১৫ ও ২০১৭ সালে বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।

ইত্তেফাক/টিআর