ইমরান খানকে ‘উৎখাতের’ প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২০:৪৯

সদ্যবিদায়ী পাক-প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য মার্কিন সরকারের বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসির পাকিস্তান দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ অংশ নিয়েছেন আমেরিকায় বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত শত শত নাগরিক। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি।

বিক্ষোভকারীরা সরাসরি অভিযোগ করে বলেন, ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে বাইডেন প্রশাসন ভূমিকা রেখেছে। এ সময় তারা বহুসংখ্যক ব্যানার-ফেস্টুন বহন করেন এবং নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে প্রাইম মিনিস্টার এর পরিবর্তে ‘ক্রাইম মিনিস্টার’ বলে সম্বোধন করেন। 

ওয়াশিংটন ডিসির বাইরে হিউস্টন এবং টেক্সাসেও ইমরান খানের পক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। তারা নতুন সরকারকে ‘আমদানিকৃত সরকার’ বলে মন্তব্য করেন। 

গত ১০ এপ্রিল মধ্যরাতে ইমরান খানের সরকার জাতীয় সংসদে অনাস্থা ভোটে হেরে যান। পাকিস্তানের ভেতর এবং বাইরে থেকে অভিযোগ উঠেছে যে, ইমরান খানের সরকারকে উৎখাতের পেছনে আমেরিকার হাত রয়েছে। পার্সটুডে।

ইত্তেফাক/এএইচপি