'দিনিপ্রো শহরের মর্গে রুশ বাহিনীর শত শত লাশ' 

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৯:৪০

ইউক্রেনের দিনিপ্রো শহরের মর্গে এক হাজার ৫০০ এর বেশি রাশিয়ান বাহিনীর লাশ রয়েছে। দিনিপ্রোর ডেপুটি মেয়র এই দাবি করেছেন। বুধবার (১১ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ডেপুটি মেয়র মিখাইল লিসেনকো বলেছেন, শহরের মর্গে দাবিহীন রুশ সেনাদের লাশে ভর্তি। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট মেয়রের বরাত দিয়ে বলেছে, এসব লাশ কেউ নিতে চাচ্ছে না এ কারণে মৃতদেহগুলো মর্গের ফ্রিজে আছে।    

মিখাইল লিসেনকো বলেন, চারটি রেফ্রিজারেটরে এক হাজার ৫০০ এর বেশি মরদেহ আছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

তিনি আরও জানান, শহরের কর্মকর্তারা এসব মরদেহ গণকবরে দাহ বা দাফন করতে চাচ্ছেন না। তবে ইউক্রেনের এই দাবি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৪৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। 

ইত্তেফাক/এসআর