বদলগাছীতে ছোট যমুনা নদী যৌবন হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। আর এতে কৃষকরা ফলাচ্ছেন সব ধরনের ফসল। নদীর বুক জুড়ে বোরো ধান চাষ যেন দিন দিন বেড়েই চলছে।
মূলত বর্ষার মৌসুমে এক/দুই মাস নদীতে জোয়ার থাকে, বিগত কয়েক বছর থেকে ছোট যমুনা নদী তার আপন সত্তা হারিয়ে আগাম শুকিয়ে যাওয়ায় নদীর বুকে সাফল্যজনকভাবে চলতি মৌসুমে বোরো ধান চাষ করছেন স্থানীয় ভূমিহীন কৃষকরা। অথচ এই নদীই ছিল এক সময় এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার অন্যতম নদী পথ। ভরা যৌবন জোয়ারে পরিপূর্ণ ছিল। নদীতে এক সময় চলত পাল তোলা নৌকা, দূর থেকে ভেসে আসত মাঝিমাল্লার গান। জলবায়ুর পরিবর্তন আর প্রাকৃতিক বিরূপ প্রভাবে নদীকে নিয়ে যত ছন্দ কবিতা আর গান সব কিছুতেই যেন থমকে দাঁড়িয়েছে। বদলগাছীর ওপর দিয়ে প্রবাহিত সেই খরস্রোতা ছোট যমুনা নদী শুধু বর্ষাকালে কয়েক দিনের জন্য ফুটে ওঠে নদীর চিত্র। এখন নদীর তলায় চাষাবাদ হচ্ছে ধান, সরিষা, আলুসহ অনেক ফসল।
বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান বলেন, নদী খনন না করলে অস্তিত্ব থাকবে না।
নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান বলেন, বড় প্রকল্পের মাধ্যমে যদি নদী খনন করা হয় তাহলে সমস্যা সমাধান হবে।
