বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রীতি ম্যাচ প্যারিসে আলোচনা হবে

আপডেট : ০২ জুন ২০১৯, ২১:৫৭

স্পোর্টস রিপোর্টার

ফ্রান্সে মহিলা বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে ৭ জুন। এবার সেখানেই হবে ফিফার কংগ্রেস। ফিফার সব সদস্যভুক্ত দেশ আসবে। দেখা হবে দেশগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক এবং ফুটবল কর্মকর্তাদের। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, বাফুফের সদস্য ও ফিফার কাউন্সিল মেম্বর মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সামনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এই উপলক্ষে ঢাকায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার বিষয়ে ফিফার কংগ্রেসের সময়টাকে কাজে লাগাতে চান বাফুফে। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ একটা পরিকল্পনাও করেছেন সেখানে একাধিক দেশের ফুটবল নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন। কথা বলবেন। ইংল্যান্ড এবং ইটালির সঙ্গে কথা বলার কথা রয়েছে বলে জানিয়েছেন আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফুটবলে বড় আয়োজনের পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা চেষ্টা করছি ইউরোপ হতে কোনো দলকে এনে ম্যাচ খেলানো যায় কি না।’ সোহাগ জানিয়েছেন- ইংল্যান্ড এবং ইটালি ছাড়াও আরো দুই একটি দেশের সঙ্গেও বৈঠকে হতে পারে। তবে সব কিছু নির্ভর করছে সেখানকার পরিস্থিতির উপর।