স্পোর্টস ডেস্ক
ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার তার বিরুদ্ধে প্যারিসে ওঠা ধর্ষণের অভিযোগকে উড়িয়ে দিয়ে একে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। কোপা আমেরিকায় খেলার জন্য নেইমার বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন।
সাও পাওলোর পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী পরিচয় গোপন রাখা এক নারীর অভিযোগ ২৭ বছর বয়সী ব্রাজিল ফরোয়ার্ড গত মাসে প্যারিসের এক হোটেলে মাতাল হয়ে তাকে ধর্ষণ করেন। নেইমারের দাবি এটি ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা। নেইমার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত রবিবার সাত মিনিটের ভিডিও বার্তায় এই অভিযোগ নাকচ করে দেন। তবে তিনি জানান যে, হোয়াটসঅ্যাপে অভিযোগকারীর সাথে উত্তেজক ছবি ও বার্তা আদান প্রদান হয়েছিল। পিএসজি তারকা নিজেকে নির্দোষ দাবি করে বলেন,‘সেদিন সেখানে যা ঘটেছিল তা ছিল একজন পুরুষ ও নারীর মধ্যকার সম্পর্কের ঘটনা। চার দেয়ালের মধ্যে যা যে কোনো যুগলের মধ্যেই ঘটে।’
পুলিশ জানায়, ওই মহিলা সাও পাওলোতে তদন্তকারীদের বলেছেন যে ইনস্টাগ্রামে বার্তা আদান প্রদানের পর তিনি প্যারিসে ফুটবলারটির সাথে দেখা করেন। নেইমারের সহকারী তাকে বিমানের টিকেট পাঠায় এবং ১৫ মে ওই হোটেলে যান তিনি।
