জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশু তাসপিয়া জান্নাত নিহতের ঘটনায় পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেছে।
তারা হলো- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুরের এমাম হোসেন ওরফে স্বপন (৩০), লতিফপুর গ্রামের জসিম উদ্দিন ওরফে বাবর (২৩) ও দাউদ হোসেন ওরফে রবিন (১৭)। ঘটনার পর রাতভর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এদিকে শিশু তাসপিয়াকে হত্যা ও তার বাবা আবু জাহের আহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহত শিশুর খালু হুমায়ুন কবির বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সন্ত্রাসী রিমনসহ ১৭ জনকে এজাহারভুক্ত ও আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গ্রেফতারকৃত তিনজন মামলার এজাহারভুক্ত আসামি। রিমন ও তার সহযোগীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে শিশু তাসফিয়ার লাশ নিয়ে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে তার স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত নোয়াখালী- ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জের সরুরপোল এলাকায় তারা লাশ নিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা তাসফিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরে ওসি আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
বুধবার বিকাল চারটার দিকে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান নামক স্থানে সৌদি প্রবাসী মাওলানা আবু জাহের কোলে থাকা তার তিন বছরের শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস তাসফিয়া সন্ত্রাসীদের গুলি করে নিহত হয়। এ সময় আবু জাহের আহত হন।

রমনা বটমূলে বোমা হামলায় মৃত্যুদণ্ডের আসামি গ্রেফতার