নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জালাল আহমেদ বাড়ী ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবা কক্ষে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-বেলাল হোসেন (৫৮), মোজাম্মেল হোসেন (৭০), মোশাররফ হোসেনের স্ত্রী মায়া বেগম(৫৫), ছিদ্দিক (৪৫), জহির (৪০), শাহীন (৩৫), তুহিন (৩৩), রোকেয়া বেগম (৩৩), আউয়াল হোসেন (২১), বিবি (৩৬), বিউটি (৩৪), মো. সাগর (২৫), শাহিনুর আক্তার স্বপ্না (২৫) সহ অন্তত ২০ জন।
স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোজাম্মেল হোসেন ও মোশাররফ হোসেন-দুই ভাই ও তাদের চাচাতো ভাই বেলাল ও ছিদ্দিকের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও বসা হয়েছিলো। পরে আজ সকালে বিরোধ থাকা জায়গায় মোশারফের বিল্ডিং করা নিয়ে বেলালের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি এবং সংঘর্ষ হয়।
এক পর্যায়ে নবীর লাঠির আঘাতে বেলালের স্ত্রী রোকেয়া বেগম আহত হলে সেটি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পরে পাল্টা হামলায় মোজাম্মেল হোসেন ও তার ভাই মোশাররফ হোসেনের স্ত্রী মায়া আহত হয়। এসময় তাদের সরকারী হাসপাতালে নেওয়া হলে জরুরি সেবা কক্ষে আবার একই উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরে হাসপাতালের আনসার ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দফায় দফায় এসব সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

