বাংলাদেশ কেন বিশ্বকাপের দাবিদার

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:০১

ছিয়ানব্বই সালের শ্রীলংকা এবং এবারের বাংলাদেশের মধ্যে অনেকটুকুই মিল রয়েছে। জয়সুরিয়া ও অর্জুনা রানাতুঙ্গার মতোই বাংলাদেশেও তামিম, সাকিব ও মুশফিকের যে জয়জয়কার তা যে কোনো সময় অন্য দেশের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। সে হিসেবে বাংলাদেশ বিশ্বকাপের অনন্য দাবিদার বলে মনে করি। শক্তি ও সামর্থ্যেও বাংলাদেশের টিমের স্পিরিটটা বেশি। ব্যাটিং ও বোলিংয়ের সঙ্গে ফিল্ডিং কম্বিনেশনটা অসাধারণ।  যেটা প্রত্যাশায় থাকবে সেটা হলো সেমিফাইনাল আগে নিশ্চিত করা। বাংলাদেশ এখন বলে কয়ে হারাতে পারে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে। যেখানে গিয়ে সমীকরণ উলটে যাবে সেটা হলো বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেই সেমিফাইনালে যাবে। আর সেমিফাইনালে ভারত বা অস্ট্রেলিয়া যে দলই বাংলাদেশকে মোকাবেলা করুক, সে দলকেই পরাজয়ের গ্লানি মেনে নিতে হতে পারে। এ বিশ্বকাপের সবচেয়ে ভয়ানক দল বাংলাদেশ তা বলে দিচ্ছিল বাসের ভেতর মাশরাফির তোলা সেলফি! বাংলাদেশ দল বিশ্বকাপ নিয়ে দেশের মাটিতে আসবে—এটাই প্রত্যাশা। আর এ প্রত্যাশা এখন যে খুব বড় প্রত্যাশা নয় তা বিশ্বও জানে। ভেঙে না পড়ে মাশরাফি বাহিনী এগুনোর যে ক্ষমতা রাখে, তাও বিশ্বে অনন্য।  শুভ কামনা রইল বাংলাদেশের জন্য।

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর