আবারও ‘শক্তিশালী’ বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১১:৩৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে এ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এসব বিস্ফোরণের পাশাপাশি বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর হামলা আরও তীব্র হচ্ছে বলে দাবি ইউক্রেনের। 

এপ্রিল মাসের শুরুতে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে যুদ্ধে মনোনিবেশ করতে কিয়েভের আশেপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার করে রাশিয়া। এই সেনা প্রত্যাহারের পর শুক্রবার কিয়েভ এলাকায় ফের হামলা শুরু হয়েছে।

গত বুধবার ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় মস্কভা নামের একটি রাশিয়ান যুদ্ধজাহাজ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেটিকে টেনে বন্দরের দিকে নিয়ে আসার সময় সমুদ্র উত্তাল হয়ে উঠলে এটি ডুবে যায়।

হামলার ইউক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার করলেও, কোনো হামলার কথা স্বীকার করেনি রাশিয়া। তবে যুদ্ধজাহাজটিতে আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছিল দেশটি।

ইউক্রেনের ওডেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার ফলে কৃষ্ণসাগরে একটি রাশিয়ান যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ এই যুদ্ধজাহাজটিতে ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।

ধারণা হচ্ছে, এই ঘটনার পর ইউক্রেনে হামলা আরও জোরদার করবে রাশিয়া।

ইত্তেফাক/টিআর