রমজানে প্রতিদিন একই রকম ইফতার কারবা ভালো লাগে। খানিকটা বুদ্ধিমত্তা আর অল্প বিস্তর ইচ্ছাশক্তি থাকলেই কিন্তু আপনার সাধ ও সাধ্যের মধ্যে তৈরি করে নিতে পারেন বিভিন্ন মুখরোচক ইফতার। এই রমজানে পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য সুস্বাদু ইফতারের রেসিপিগুলো দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি
প্রন টেম্পুরা
প্রয়োজনীয় উপকরণ
- মাঝারি মাপের চিংড়ি মাছ ১০/১২ টি
- সয়াসস ১ টেবিল চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- আদা বাটা ১ চা চামচ
- মরিচের গুঁড়া ১চা চামচ
- ময়দা ১/২ কাপ
- কর্ণফ্লাওয়ার ৩ টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
- ডিম ১ টি
- লবণ স্বাদমতো
- ঠাণ্ডা পানি পরিমাণমতো
- তেল ভাজার জন্য
প্রস্তুত প্রণালী
প্রথমে মাছ ভালো করে পরিষ্কার করে মাথা ও খোসা ফেলে শুধু লেজের অংশ নিয়ে তাতে সয়াসস, আদা-রসুন বাটা, মরিচের গুঁড়া ও লবণ মেখে ১৫ মিনিট মেরিনেট করে রাখতে হবে। এবার একটি পাত্রে ডিম ভেঙে তাতে ময়দা কর্ণফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, লবণ ও ঠাণ্ডা পানি দিয়ে মিশিয়ে বেটার তৈরি করে নিতে হবে। এরপর মেখে রাখা চিংড়ি মাছগুলো বেটারে ডুবিয়ে গরম ডুবোতেলে মচমচে করে ভেজে তুলে রাখুন। সবশেষে পছন্দমতো সসের সঙ্গে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘প্রন টেম্পুরা ’।
চিকেন ব্রেড রোলস
প্রয়োজনীয় উপকরণ
- পাউরুটি ৮/১০ পিস
- মুরগির মাংসের কিমা ১ কাপ
- ক্যাপসিকাম কিমা ১/কাপ
- পেঁয়াজ কিমা ১/৪ কাপ
- গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ
- সয়াসস ১ টেবিল চামচ
- গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- ডিম ২টি
- ব্রেডক্রাম্ব ২ কাপ
- তেল ভাজার জন্য
- বাটার ২ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে পাউরুটি বেলে পাতলা করে নিতে হবে। এরপর কড়াইতে তেল ও বাটার গরম করে পেঁয়াজ কুঁচি হালকা ভেজে মুরগির মাংসের কিমা সয়াসস, গুঁড়া ও বাটা মসলা দিয়ে কষাতে হবে। তারপর কিমা সিদ্ধ হয়ে আসলে ক্যাপসিকাম দিয়ে নেড়ে নামিয়ে রাখতে হবে। এবার পাউরুটির মাঝে মুরগির পুর দিয়ে রোল তৈরি করে নিন। এরপর ডিমে গড়িয়ে ব্রেডক্রাম্বে জড়িয়ে ডুবোতেলে বাদামি করে ভেজে পছন্দমত সাসের সাথে পরিবেশন করুন দারুণ মজার ‘চিকেন ব্রেড রোলস’।
চিজি ভেজিটেবলে নাগেটস
প্রয়োজনীয় উপকরণ
- আলু সিদ্ধ করে গ্রেট করা ২ কাপ
- মোজারেলা চিজ ১/২ টি
- মিক্স সবজি কিউব করে কাটা (গাজর, লাল-হলুদ-সবুজ ক্যাপসিকাম) ১ কাপ
- সুইটকর্ন ৩ টেবিল চামচ
- কর্ণফ্লাওয়ার ১/৪কাপ
- চাট মসলা ১ টেবিল চামচ
- কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ
- ধনে পাতা কুঁচি ২ টেবিল চামচ
- ডিম ১ টি
- ওটস ১ কাপ
- ব্রেডক্রাম্ব ১ কাপ
- তেল ভাজার জন্য
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
একটি পাত্রে আলুর সঙ্গে সব ধরনের সবজি, চাট মশলা, লবণ, কাঁচা মরিচ, ধনে পাতা মিশিয়ে তার মধ্যে পরিমাণমতো কর্ণফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। এবার অল্প করে সবজির মিশ্রণ নিয়ে মাঝখানে চিজের টুকরো দিয়ে নাগেটস তৈরি করে নিতে হবে। এরপর নাগেটসগুলোকে ডিমে ডুবিয়ে ওটস ও ব্রেডক্রাম্বে জড়িয়ে ডুবোতেলে বাদামি করে ভেজে পরিবেশন করুন মুখরোচক ‘চিজি ভেজিটেবলে নাগেটস’।
