সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার বিশ মাইল জিরাবো সড়কের আমতলা এলাকায় অবস্থিত ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার ৭ তলায় তলার একটি ফেব্রিকস গোডাউনে আগুনের সূত্রপাত হয়। এসময় প্রাথমিকভাবে নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালানোর পাশাপাশি বিষয়টি ডিইপিজেড ফায়ার সার্ভিসকে জানায় কারখানা কর্তৃপক্ষ। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপণ কাজে যোগ দেয়। পরবর্তীতে পাঁচটি ইউনিটের টানা দেড় ঘণ্টা চেষ্টায় বিকেল পাঁচটায় আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর পুতিরাম মণ্ডল বলেন, তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
অগ্নিকাণ্ডের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজারে ১৯ মামলার আসামি মুন্নাসহ ২৬ জন আটক
বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু