বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৮:৫১

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে রতন দে (৫৬) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত সুকুমার দে’র ছেলে।

শুক্রবার (১৫ এপ্রিল) আনুমানিক সকাল ৬ টার দিকে সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে লটমনি পাহাড়ে পূজার জন্য ফুল তুলতে যান রতন। সেখানে বন্য হাতির কবলে পড়ে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন বিভাগের সাধনপুর রেঞ্জ কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার ভোর সকালে সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি পাহাড় এলাকায় বন্য হাতির আক্রমণে এক দিনমজুর ঘটনাস্থলে মারা গেছে। তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ বনবিভাগের পক্ষ থেকে ৩০ হাজার টাকা প্রদান করা হবে।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী। 

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত রতন দের সৎকারের জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকার অনুদানের চেক ও খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন- সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সোলাইমান, এসআই মোস্তফাসহ বিভিন্ন বিট কর্মকর্তাবৃন্দ।

ইত্তেফাক/এমএএম