ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই অবস্থিত যুদ্ধবিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া। তবে এতে কেউ নিহত বা আহত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিল।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৫ এপ্রিল) এ হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, কৃষ্ণসাগর রুশ নৌ বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার প্রেক্ষাপটে এই হামলা চাললো মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাতে কিয়েভ শহরের একটি কারখানায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়েছে। কারখানাটিতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কৈরি করা হতো।
রাশিয়া জানায়, কৃষ্ণসাগরে ঝড়ো বাতাসের কারণে ‘ব্ল্যাক সি’ নৌবহরের ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী প্রধান রণতরী মস্কভা বন্দরের দিকে যাচ্ছিল। গত বুধবার রণতরীতে আগুন লাগলে গোলাবারুদ বিস্ফোরিত হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
তবে ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজটিতে আঘাত হেনেছে। তবে রাশিয়া কোনো হামলার কথা স্বীকার করেনি। তারা বলছে, জাহাজটিতে রাখা গোলাবারুদে বিস্ফোরণের পর আগুন ধরেছিল।
