ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার সঙ্গে সাত সপ্তাহের সংঘাতে আড়াই থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। প্রায় দশ হাজার আহত। শুক্রবার (১৫ এপ্রিল) মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জেলেনস্কি দাবি করেন, এই যুদ্ধে রাশিয়ার ১৯ থেকে ২০ হাজার সেনা নিহত হয়েছে। তবে মস্কো বলছে, গত মাসে ইউক্রেনে এক হাজার ৩৫১ জন রুশ সেনা নিহত এবং ৩ হাজার ৮২৫ জন আহত হয়েছে।
উভয় পক্ষের এসব দাবির কোনটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন।
সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেছেন, ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে রাশিয়া। এরজন্য পৃথিবীর সব দেশের প্রস্তুত থাকা উচিত।
এদিকে, দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলে লড়াই তীব্র হয়েছে দুই পক্ষের। ইউক্রেন বলছে, শহরটি ঘিরে থাকা রুশ অবরোধ ভাঙার চেষ্টা করছে তারা। রুশ আগ্রাসন শুরুর আগে শহরটিতে প্রায় ৪ লাখ মানুষের বসতি ছিল। যুদ্ধের পর তা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শত শত বেসামরিকের মৃত্যুর পাশাপাশি লাখো মানুষ এখনও আটকা সেখানে।
ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেকসান্দার মোটুজিয়ানিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মারিউপোলের পরিস্থিতি কঠিন এবং শক্ত। এই মুহূর্তে যুদ্ধ চলছে। রুশ বাহিনী শহরে প্রবেশ করতে বারবার অতিরিক্ত ইউনিট ডাকছে।’ তিনি দাবি করেন রুশ বাহিনী এখনও শহরটি সম্পূর্ণ দখল করতে পারেনি।
