ইউক্রেনে সামরিক সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে রাশিয়া। তারা সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের চালান অব্যাহত থাকলে ‘অনাকাঙ্ক্ষিত পরিণতি’ নিয়ে আসতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে একটি কূটনৈতিক নোটে মস্কো কিয়েভকে রাশিয়ার সঙ্গে সংঘাতে ব্যবহার করার জন্য ‘সবচেয়ে সংবেদনশীল’ অস্ত্র পাঠানোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে সতর্ক করে বলেছে যে, এই ধরণের চালান পরিস্থিতিকে ‘আরও উত্তপ্ত’ করছে যা ‘অনাকাঙ্ক্ষিত পরিণতি’ নিয়ে আসতে পারে।
রাশিয়ার সতর্কতার পর চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য হেলিকপ্টার, হাউইটজার এবং সৈন্যদের বহনকারী সাঁজোয়া যান সরকরাহে ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সরবরাহ প্যাকেজ অনুমোদনের ঘোষণা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় সিনিয়র এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্টে বলা হয়, ‘রাশিয়ানরা আমাদের ব্যক্তিগতভাবে যা বলেছে, ঠিক তাই আমরা বিশ্বকে প্রকাশ্যে বলে আসছি যে, ইউক্রেনীয় অংশীদারদের ব্যাপক সহায়তা অসাধারণভাবে কার্যকর প্রমাণিত হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আনুষ্ঠানিক নোটের রিপোর্ট সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্ত্যব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।।
তবে পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, ‘আমরা কোন ব্যক্তিগত কূটনৈতিক চিঠিপত্র নিশ্চিত করবো না। আমরা যা নিশ্চিত করতে পারি তা হলো মিত্র এবং অংশীদারদের সাথে আমরা ইউক্রেনকে বিলিয়ন ডলার মূল্যের নিরাপত্তা সহায়তা প্রদান করছি, যা আমাদের ইউক্রেনীয় অংশীদাররা তাদের দেশকে অনাকাঙ্ক্ষিতভাবে রাশিয়ার আগ্রাসন এবং সহিংসতার ভয়ংকর কার্যকলাপের বিরুদ্ধে তাদের দেশকে রক্ষা করার জন্য কার্যকরভাবে ব্যবহার করছে।’
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নোটটি সাধারণ চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়েছিল এবং এতে রাশিয়ার কোন সিনিয়র কর্মকর্তা স্বাক্ষর করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, আনুষ্ঠানিক চিঠিপত্র ইঙ্গিত দেয় যে রাশিয়া ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সমর্থন নিয়ে উদ্বিগ্ন।
সিএনএন আরও জানায়, নথির সঙ্গে পরিচিত একটি সূত্র বলেছে অভিযোগের অর্থ হতে পারে ইউক্রেনে অব্যহত আক্রমণের পাশপাশি তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিরুদ্ধে আরও আক্রমণাত্মক অবস্থান গ্রহন করতে রাশিয়া প্রস্তুত হচ্ছে।
