রণবীরকে জড়িয়ে কাঁদলেন মহেশ ভাট

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০১:০১

ছোট মেয়ের বিয়ে বলে কথা, যেন নিজের আবেগকে চেপে রাখতে পারলেন না মহেশ ভাট। বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটে বিয়ে শেষে আবেগতাড়িত হয়ে পড়েন বর্ষীয়ান এ ফিল্মমেকার।  ইনস্টাগ্রামে মহেশ ভাট ও তার জামাই রণবীরের একটি মন ছোঁয়া মুহূর্তে এমনটিই দেখা গেছে। 

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবি দুইটি শেয়ার করেন মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাট। ইনস্টাগ্রামে শ্বশুর-জামাইয়ের যে দু’টি ছবি শেয়ার করেছেন তার প্রথমটিতে রণবীরের বুকে মাথা রেখে আছেন মহেশ ভাট, অন্যটিতে পরস্পরকে আলিঙ্গন করছেন দুইজনে। ছবিতে রণবীরের ঠোঁটে হাসি থাকলেও মহেশ ভাটকে জড়িয়ে রয়েছে বিষণ্ণতা।

রনবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি: আলিয়া ভাটের ইনস্টাগ্রাম থেকে

গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডের এ তারকা যুগল ভারতের মুম্বাইয়ে রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’তে গাঁটছড়া বাঁধেন। 

বিয়ের পর কেক কেটে, শ্যাম্পেন পান করে আর নেচে–গেয়ে বিশেষ দিনটি উদ্‌যাপন করেছেন তারা। আলিয়া আর রণবীরের বিয়ের একগুচ্ছ ছবি নেট দুনিয়ায় আলোড়ন ফেলেছে। সবাই এই জুটিকে উজাড় করে ভালোবাসা দিচ্ছেন। এক ছবিতে দেখা গেছে, রণবীরের বুকে পরম শান্তিতে মাথা রেখেছেন আলিয়ার বাবা মহেশ ভাট। এদিকে শাশুড়ি নিতু কাপুর বউমা আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ। 

রনবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি: আলিয়া ভাটের ইনস্টাগ্রাম থেকে

বলিউড এই জুটি পঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন। সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা, করিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন ও আয়ান মুখোপাধ্যায়সহ অনেকেই। 

‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহারা। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সঙ্গে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে। ছিল স্নিফার্স ডগ। 

ইত্তেফাক/এএএম