একাদশ জাতীয় সংসদ নির্বাচন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:৫৭

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের দু‘টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কারাগারে আটক বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আসনগুলো হচ্ছে-চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৭ (রাউজান)। গত বুধবার রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়াস কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা অ্যাডভোকেট এনামুল হক। মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।

কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত অধ্যাপক  শহীদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। গত বুধবার দুপুরে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে তিনি  রিটার্নিং অফিসার ও কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে ভেড়ামারা ও মিরপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক শহীদুল ইসলাম কুষ্টিয়া-২ আসন থেকে বিএনপির টিকিটে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন দীর্ঘ সময়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন থেকে তিনি ছিটকে পড়েন। এ আসন থেকে এবার বিএনপি’র মনোনয়ন দেওয়া হয়েছে নতুন মুখ ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন এবং ঐক্যফ্রন্টের আহসান হাবীব লিংকনকে।

একাধিক মনোনয়ন নিয়ে বিব্রত বাঞ্ছারামপুর

বিএনপির নেতাকর্মীরা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-৬, বাঞ্ছারামপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি। পক্ষান্তরে এ আসনে কে হচ্ছেন বিএনপি প্রার্থী তা এখনো নির্ধারণ করা হয়নি। বিএনপি একাধিক প্রার্থী থাকায় অনেকটা বিব্রতকর অবস্থায় পড়েছেন নেতাকর্মী সমর্থক ও ভোটাররা। প্রার্থীরা মনোনয়ন পাওয়ার পর নেতা-কর্মীদের মধ্যে খবর ছড়িয়ে দিয়ে কৌশলে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। ফলে প্রার্থী নিয়ে নেতা-কর্মী-সমর্থক ও ভোটারদের মধ্যে বিব্রতকর অবস্থা বিরাজ করছে। অবশ্য নেতাকর্মীদের দাবি কৌশলগত কারণে বিএনপি আসন প্রতি একাধিক প্রার্থী দিলেও বাছাই শেষে দলের সিদ্ধান্তে মনোনয়ন চূড়ান্ত হবে। বিএনপি থেকে যারা নমিনেশন জমা দিয়েছেন তারা হলেন: এমএ খালক (পিএসসি), মেহেদী হাসান পলাশ, রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া।

চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি স্বতন্ত্র প্রার্থী

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মামুনুর রশীদ কিরণ এমপি। তিনি গত বুধবার দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে বেগমগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি  ও পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল এবং পৌর আওয়ামী লীগের সেক্রেটারি আবু বকর ছিদ্দিক টিপু  স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। অবশ্য আক্তার হোসেন ফয়সল দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এ নিয়ে বেগমগঞ্জ ও চৌমুহনী পৌর  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে বলে বিভিন্ন নেতা-কর্মী অভিমত ব্যক্ত করেছেন। এ ব্যাপারে আক্তার হোসেন ফয়সল ও আবু বকর ছিদ্দিকের সাথে যোগাযোগ করলে তারা উভয়ে প্রার্থী হতে কোনো অসুবিধা নেই বলে  একই সুরে কথা বলেন। আওয়ামী লীগ দলীয় প্রার্থী মামুনুর রশীদ কিরণ এমপি জানান, দলীয় হাই কমান্ড আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি সকলকে নিয়ে নির্বাচন করতে চাই এবং জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।