ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রাউন্ড রবীন লিগ পর্ব শেষ হয়েছে। আগামীকাল থেকে মাঠে গড়াবে সুপার লিগ। আকর্ষণীয় এই পর্ব থেকে প্রিমিয়ার লিগের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিসিবি।
প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে মিটিংয়ের পর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী গতকাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলো সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
সুপার লিগের ম্যাচ টিভিতে সম্প্রচারের বিষয়ে সিসিডিএম চেয়ারম্যান গতকাল বলেছেন, ‘ব্রডকাস্ট নিয়ে আমাদের এখন যে চিন্তাভাবনা সেটা হচ্ছে, সুপার লিগের খেলাগুলো আমরা ব্রডকাস্ট করার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিন যেহেতু তিনটি করে খেলা থাকবে, তিনটি খেলাই প্রোডাকশন হবে। মিরপুরের খেলাগুলো টিভিতে টেলিকাস্ট হবে আর বিকেএসপির খেলাগুলো ডিজিটাল চ্যানেল বা ইউটিউব চ্যানেলে লাইভ হবে।’
গাজী টিভি ও টি-স্পোর্টস যৌথভাবে মিরপুরের ম্যাচগুলো সম্প্রচার করবে জানিয়ে সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রোডাকশন হচ্ছে একটি জয়েন্ট প্রোডাকশন। গাজী গ্রুপ, টি-স্পোর্টস এই দুইটি চ্যানেল খেলাগুলো দেখাবে।’ সুপার লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়াম ও বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।
